ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন করে নেওয়া চারটি গ্রামের পুনর্বহালের দাবিতে আন্দোলনরত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় ও সমাধানমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সম্প্রতি চার গ্রামের বাসিন্দাদের দাবিকে কেন্দ্র করে সড়ক ও রেলপথ অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এতে জনসাধারণের চলাচল, রেল যোগাযোগ ও পরিবহনব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে জনদুর্ভোগ নিরসন এবং স্থানীয় বাসিন্দাদের দাবির বিষয়ে আলোচনা করতেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় স্থানীয় জনগণের ন্যায্য দাবি, এলাকার মানুষের স্বার্থ এবং জনমতের গুরুত্ব বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, পারস্পরিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে দীর্ঘদিনের এ সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব হবে। একই সঙ্গে জনদুর্ভোগ এড়াতে সংশ্লিষ্ট সব পক্ষ দায়িত্বশীল ভূমিকা রাখবে।
