,
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মেড্ডা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ১৪ মামলার এক আসামিসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ডাকাতির সরঞ্জাম ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ জুন) রাত ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার একটি দল পৌরসভার মেড্ডা এলাকার কোকিল টেক্সটাইলের সামনে অভিযান চালায়। সেখানে একদল ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে এমন তথ্য পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে রাতভর অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। তবে আরও ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে দুটি রামদা, একটি পেরেক লাগানো গদা, একটি সাইকেলের প্যাডেলযুক্ত কুড়াল, একটি সাদা রঙের নোয়া মডেলের মাইক্রোবাস, নগদ ৩ হাজার ৩০০ টাকা, একটি হেলমেট, একটি মাংকি টুপি, একটি স্টিলের টর্চলাইট, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নয়টি বাটন ফোন, একটি মোটা রশির বান্ডেল এবং হ্যান্ডকাফের একটি চাবি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— রাশেক মিয়া, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম ও কামাল মিয়া।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাশেক মিয়ার বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন ও চুরিসহ মোট ১৪টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এছাড়া জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে তিনটি ডাকাতি মামলা এবং রফিকুল ইসলামের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা রয়েছে।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
