ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশের আকাশে দেখা গেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জিলহজ মাস। সেই হিসেবে আগামী ২৮ মে বৃহস্পতিবার দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ঈদের তারিখ ঘোষণা করা হয়।
ঈদের খবর ছড়িয়ে পড়তেই ব্রাহ্মণবাড়িয়াজুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। শহর থেকে গ্রাম—সবখানেই চলছে ঈদ প্রস্তুতি। মার্কেট ও বিপণিবিতানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। নতুন পোশাক ও ঈদের সামগ্রী কিনতে পরিবার নিয়ে বাজারে আসছেন মানুষ।
অন্যদিকে জেলার বিভিন্ন এলাকায় জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। গরু, মহিষ ও ছাগল নিয়ে হাটে আসছেন খামারি ও ব্যবসায়ীরা। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে হাট ও বাজারের ব্যস্ততা।
