উপজেলা প্রতিনিধি মোঃ আরজু হাসান:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভুয়া পরিচয়ের সন্দেহে এক ভ্যাট পরিদর্শককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনির ঘটনা ঘটেছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন স্থানীয় এক ব্যক্তি। শনিবার (৯ মে) দুপুরে উপজেলার দুর্গারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ভ্যাট পরিদর্শকের নাম সাইফুল ইসলাম। এছাড়া তাকে রক্ষা করতে গিয়ে আহত হন স্থানীয় বাসিন্দা মো. সবুজ মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলাম উপজেলার মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজে গিয়ে নিজের পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড প্রদর্শন করে প্রতিষ্ঠানের ভ্যাটসংক্রান্ত কাগজপত্র দেখতে চান। তবে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমান তার পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
একপর্যায়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে সাইফুল ইসলামের মুঠোফোন ছিনিয়ে নেয় এবং তাকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় স্থানীয় বাসিন্দা মো. সবুজ মিয়া তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। অভিযোগ রয়েছে, হাবিবুর রহমান ও তার সহযোগীরা সবুজ মিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। পরে ঘটনাস্থলে আরও লোকজন জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ভ্যাট পরিদর্শককে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, “ভ্যাট পরিদর্শককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
