ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ধ্বজনগর বাতান বাড়ি এলাকার মোরছালিন এবং মধুপুর গ্রামের নবীর হোসেন। নিহত মোরছালিন গোপীনাথপুর শাহ আলম ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
নিহত নবীর হোসেনের ছেলে জানান, তার বাবা সন্ধ্যার পর বাড়ি থেকে বের হন। পরে বিভিন্ন মাধ্যমে তিনি জানতে পারেন বিএসএফ গুলি করে মরদেহ নিয়ে গেছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, গভীর রাতে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারিরা ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ বাধা দেয়। একপর্যায়ে ধস্তাধস্তির ঘটনায় বিএসএফ ছররা গুলি ছোড়ে। এতে দুইজন গুরুতর আহত হন। পরে ভারতের ত্রিপুরার বিশালগড় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
