ক্যাম্পাস প্রতিনিধি ঃ
ব্রাহ্মণবাড়িয়া–২ আসন (সরাইল–আশুগঞ্জ) নিয়ে জেলার শীর্ষ উলামায়ে কেরাম নিজেদের একক প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল হাবিবের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান ব্যক্ত করেছেন।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুটি গুরুত্বপূর্ণ বৈঠকে এই অবস্থান স্পষ্ট করা হয়।সকাল ১১টায় দারুল আরকাম মাদরাসা এবং দুপুর ১টায় জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ায় এসব বৈঠক অনুষ্ঠিত হয়।
সকালে দারুল আরকাম মাদরাসায় আয়োজিত বৈঠকে ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ আলেম, মাদরাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান (হাফি.) ব্রাহ্মণবাড়িয়া–২ আসন নিয়ে বলেন,আমাকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন আসন থেকে নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি নির্বাচন করব না। এখানে মাওলানা জুনায়েদ আল হাবিবই নির্বাচন করবেন। তার এমপি হওয়া মানে আমিই এমপি হওয়া।
তিনি আরও বলেন,এই আসনে আমাদের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব। অন্য কোনো প্রার্থী নেই। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ বিষয়ে মুফতি মোবারকুল্লাহ সাহেব ও আমার অবস্থান একই।
এরপর দুপুরে জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত বৈঠকে একই অবস্থানের প্রতি একাত্মতা প্রকাশ করেন প্রতিষ্ঠানটির মুহতামিম ও শীর্ষ মুরুব্বি মাওলানা মোবারক উল্লাহ (দা.বা.)।তিনি বলেন,আমার বক্তব্যও একই। নমিনেশন পাওয়ার আগেই আমি বিষয়টি স্পষ্ট করেছি। এখন যেহেতু নমিনেশন চূড়ান্ত হয়েছে, তাই সবাইকে পূর্ণ ঐক্যের সঙ্গে কাজ করতে হবে।
এই দুই বৈঠকে শীর্ষ আলেমদের স্পষ্ট ও ঐক্যবদ্ধ বক্তব্যের পর ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে প্রার্থী ইস্যুতে আর কোনো দ্বিধা নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নেতৃবৃন্দ ব্যক্তিগত মতভেদ ভুলে মাওলানা জুনায়েদ আল হাবিবকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আলী আজম কাসেমী, মুফতি মারুফ কাসেমী, মাওলানা আবু বকর, মাওলানা এহসানুল্লাহ, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, মাওলানা ইউসুফ ভূঁইয়া, মাওলানা কাউসার মোল্লা, মাওলানা জাকারিয়া খান, মাওলানা রাকিবুল ইসলাম তাজ, মাওলানা জুনাঈদ কাসেমী, মাওলানা বিল্লাল হোসাইন, মাওলানা খালেদ সিরাজী, মাওলানা রহমতুল্লাহ কাসেমীসহ আরও অনেকে।
