ডিজিটাল যুগে মতপ্রকাশের স্বাধীনতা ও অনলাইন নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় “ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি” প্রকল্পের আওতায় একটি হাফ-ডে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) University of Brahmanbaria-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে প্রত্যাশী। এতে অর্থায়ন করে ইউরোপীয় ইউনিয়ন এবং কারিগরি সহযোগিতা দেয় প্ল্যান বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশন।
কর্মশালায় স্বেচ্ছাসেবী, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, কনটেন্ট ক্রিয়েটরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রায় ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে শেখ সামিউল ইসলাম ও পুষ্প বৈদ্য অন্তরা ডিজিটাল নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা, ফ্যাক্ট-চেকিং, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং দায়িত্বশীল অনলাইন আচরণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাখনুন সুলতানা, প্রোগ্রাম অফিসার, প্রত্যাশী, চট্টগ্রাম। তিনি ডিজিটাল মাধ্যমে দায়িত্বশীল আচরণ, তথ্য যাচাই এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় মানবাধিকার, ডিজিটাল রাইটস, অনলাইন নিরাপত্তা, সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার এবং প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়।
