মোহাম্মদ মাসুদ, আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া):
বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “সেইফ এক্সিটের কথা কি আর বলব, প্রত্যেক উপদেষ্টাই তো বিদেশি নাগরিক।”
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর এএআই উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “উপদেষ্টারা দেশে গণ্ডগোল লাগালে বিদেশেও চলে যেতে পারবে। কিন্তু সাধারণ নাগরিকরা পারবে না। আমাদের কোনো দেশে ভিসার প্রয়োজন নেই। সরকারকে অনুরোধ করি, এমন কোনো কাজ করবেন না, এমন কোনো অপকর্মে জড়াবেন না, এমন কোনো দুর্নীতি করবেন না যেটার কারণে আপনার সেইফ এক্সিটের প্রয়োজন হতে পারে।”
রুমিন ফারহানা উপদেষ্টাদের পরামর্শ দিয়ে বলেন, “কাজ করবেন স্বচ্ছতা, সততা এবং দেশপ্রেম বজায় রেখে, যাতে সেইফ এক্সিটের কথা ভাবার প্রয়োজন না পড়ে।”
