ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক ও আপত্তিকর মন্তব্য ও পোস্ট করার অভিযোগে শেখ ইমরানুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬ খ্রি.) দুপুর আনুমানিক ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শেখ ইমরানুল ইসলাম বিজয়নগর থানার একটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি বলেও নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার বিভিন্ন পোস্ট ও মন্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং পরিস্থিতি উত্তপ্ত করার উদ্দেশ্যে করা হয়েছিল। এসব তথ্যের ভিত্তিতে তদন্ত পরিচালনা করে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
