ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি ও ধরন্তী এলাকার সংঘর্ষে নিহত ধরন্তী গ্রামের হাদিম মিয়া হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রোববার (৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য, স্বজন, এলাকাবাসী এবং কালিকচ্ছ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, কালিকচ্ছ বাজারে একা পেয়ে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে হাদিম মিয়াকে হত্যা করা হয়েছে। তাদের দাবি, এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারে উল্লেখিত জহিরুল হক, মোশারফ, সাখাওয়াত, শেখ মামুন, ওসমান ফারুকীসহ জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এছাড়া বক্তারা বলেন, সরাইলে টানা তিন দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, চুরি ও লুটপাটের ঘটনা ঘটেছে। তারা ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের ক্ষতিপূরণ প্রদান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সংঘর্ষের প্রকৃত দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।
