বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পর ব্রাহ্মণবাড়িয়ায় উল্লাসে মেতে ওঠেন স্পেনের সমর্থকরা। বিজয়ের খবর ছড়িয়ে পড়তেই জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় বের হয় আনন্দ মিছিল। এসব মিছিলে ব্রাজিলের সমর্থকদেরও অংশ নিতে দেখা যায়।
মিছিলে অংশ নেওয়া লামিন ইয়ামালের ভক্ত ও স্পেনের সমর্থকদের অনেককে মজলুম ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিতে দেখা যায়। তাদের হাতে ছিল স্পেনের জাতীয় পতাকা। সড়ক প্রদক্ষিণ করে তারা বিজয় উদযাপন করেন। এ সময় ব্রাজিলের সমর্থকরাও তাদের সঙ্গে আনন্দ-উল্লাসে শামিল হন।
উদযাপনের অংশ হিসেবে আতশবাজি ফোটানো, মিষ্টি বিতরণ এবং একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অন্যদিকে, তুমুল উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচের অতিরিক্ত সময়ে স্পেনের জয়সূচক গোল হওয়ার পর শিরোপার স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনা সমর্থকদের। এতে স্থানীয় আর্জেন্টিনা ভক্তদের মধ্যে হতাশার ছাপ দেখা যায়।
উদযাপনকে কেন্দ্র করে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা শহরসহ বিভিন্ন উপজেলা ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন ছিল।
