নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) মো. সায়েদুর রহমান। গত ৮ নভেম্বর ২০২৬ (রবিবার) তিনি বাংলাদেশ হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
মো. সায়েদুর রহমান ১৯৬৮ সালের ১৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা ও বরিশাল মেট্রোপলিটন পুলিশসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। প্রায় নয় বছর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত ডিআইজি এবং পিবিআই পূর্বাঞ্চলের ডিআইজি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতার পরিচয় দেন।
পরবর্তীতে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় চিকিৎসাসেবার মানোন্নয়ন ও আধুনিকায়নে ভূমিকা রাখেন। ২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর তিনি গ্রেড-২ পদে অ্যাডিশনাল আইজিপি হিসেবে পদোন্নতি লাভ করেন। এরপর পুলিশ সদর দপ্তরে অ্যাডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করেন।
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
দায়িত্ব গ্রহণের পর তিনি হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রিজিয়নের পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভার শুরুতে হাইওয়ে পুলিশের জনবল, অপারেশনাল কার্যক্রম, কর্মপরিধি ও লজিস্টিকস-সংক্রান্ত সার্বিক বিষয় তুলে ধরে একটি উপস্থাপনা দেওয়া হয়।
সভায় মো. সায়েদুর রহমান হাইওয়ে পুলিশের ভাবমূর্তি ও সুনাম অক্ষুণ্ন রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে গৃহীত সিদ্ধান্ত ও নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
তিনি আরও বলেন, মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং জনমনে নিরাপত্তাবোধ বাড়াতে দৃশ্যমান পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে হবে। পাশাপাশি হাইওয়ে পুলিশের প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।
মতবিনিময় সভায় হাইওয়ে পুলিশের ডিআইজি (প্রশাসন), অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মো. সায়েদুর রহমানের এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে জেলাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। তাঁর নতুন দায়িত্বে সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করছেন শুভাকাঙ্ক্ষীরা।
