জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে উপজেলার সোনারামপুর এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশিকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নরসিংদী সদর উপজেলার যাইটেরপাড়া এলাকার মৃত শুকুর আলীর ছেলে মো. ইয়াসিন প্রকাশ সোহাগ এবং বেলাবো উপজেলার বীরবাঘবেড় এলাকার মৃত ফজলুল হকের ছেলে মো. জীবন মিয়া।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল সোনারামপুর এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করলে সেটি থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেল বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
