সারাদেশে অব্যাহত ধর্ষণ, হত্যাকাণ্ড ও বিচারহীনতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ ছাত্র-জনতা।আজ ১লা মার্চ ২০২৬ ইং, রবিবার সকালে শহরের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব-এর সম্মুখে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। বক্তারা বলেন, সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। অনেক ঘটনায় দীর্ঘসূত্রিতা ও প্রভাবশালীদের কারণে বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে, যা অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে।বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে তারা আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা এবং বিচার ব্যবস্থার স্বচ্ছতা জোরদারের আহ্বান জানান।
সমাবেশ থেকে জানানো হয়, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
