ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
উপজেলা সদরে অবস্থিত আহমেদ প্রাইভেট হাসপাতালে শনিবার দিবাগত রাতে সিজারিয়ান অপারেশনের জন্য এক অন্তঃসত্ত্বা নারীকে ভর্তি করা হয়।
স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের কিছুক্ষণ পরই রোগীর অবস্থার অবনতি ঘটে এবং তিনি মারা যান।পরিবারের দাবি, অভিজ্ঞ চিকিৎসক ছাড়াই অ্যানেস্থেশিয়া প্রয়োগ ও অপারেশন করায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া, বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।রোববার সকালে বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী হাসপাতাল চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেন।
একপর্যায়ে তারা হাসপাতালের ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান।পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে চিকিৎসক, নার্স ও কর্মচারীরা হাসপাতাল ছেড়ে পালিয়ে যান।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
