চট্টগ্রামের সীতাকুণ্ডে হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার এক মা ও তার কন্যাশিশু। সন্তানকে বাঁচাতে গিয়ে মর্মান্তিকভাবে নিহত হন মা তারিন (২৮)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা মীর জাকারিয়া হোসেন নয়ন।
শুক্রবার (১৫ মে) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বিএমএ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারিন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি গ্রামের বাসিন্দা। আহত মীর জাকারিয়া হোসেন নয়ন চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদের প্রকৌশলী দফতরে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ছুটির দিনে স্ত্রী ও সন্তানকে নিয়ে চট্টগ্রামের ডিসি পার্কে ঘুরতে যান নয়ন। রাতের দিকে মোটরসাইকেলে করে নগরীর লালখান বাজার এলাকায় ফেরার পথে ভাটিয়ারী বিএমএ গেট এলাকায় পৌঁছালে হঠাৎ তাদের কন্যাশিশুটি চলন্ত মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যায়।
সন্তানকে রক্ষা করতে সঙ্গে সঙ্গে মোটরসাইকেল থেকে নেমে শিশুটির দিকে ছুটে যান মা তারিন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যান মা ও শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হন বাবা নয়ন।
