ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে টিকিট কালোবাজারির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে রেলওয়ে পুলিশ। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আবারও দুই টিকিট কালোবাজারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৭ মে) দুপুরে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের টিকিট কাউন্টারের সামনে অভিযান চালিয়ে আব্দুল হাকিম (৪৮) ও কালু মিয়া (৩৮) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। রেলওয়ে পুলিশ জানায়, তারা উপকূল, কালনী ও চট্টলা এক্সপ্রেস ট্রেনের টিকিট অবৈধভাবে বিক্রি করছিলেন।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় প্রত্যেককে ২৫০ টাকা জরিমানা এবং দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সিলেট রেঞ্জের রেলওয়ে পুলিশ সুপার জন্নাত আফরোজের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। এ সময় স্টেশন মাস্টার শাকিল জাহান, রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
স্টেশন মাস্টার শাকিল জাহান বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে এবং টিকিট কালোবাজারি ঠেকাতে রেলস্টেশনে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
