ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলার লক্ষ্য ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের দোরগোড়ায় সহজ ও দ্রুত সেবা পৌঁছে দেওয়া।
রোববার (১৭ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা প্রশাসক মো: আবুসাঈদ এ তথ্য জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি আগামী ১৯ মে সকাল ১০টায় জাতীয় পর্যায়ে ‘ভূমিসেবা মেলা ২০২৬’-এর উদ্বোধন করবেন। একই সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনও ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত থাকবে।
মেলা উপলক্ষে ১৮ মে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৯ মে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি ও মেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে। পরে সকাল ১০টায় জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হওয়ার পাশাপাশি দুপুর ১২টায় সার্কিট হাউজের হলরুমে স্টল পরিদর্শনের কর্মসূচি রয়েছে।
২১ মে সমাপনী দিনে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “Automated Land Management System: The Changes, Development and Way Forward” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি, জমাখারিজ রিভিউ মামলা, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ আবেদন ও চেক গ্রহণ, খতিয়ানের সার্টিফায়েড কপি সংগ্রহসহ নানা সেবা।
এছাড়া মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন জিজ্ঞাসার তাৎক্ষণিক উত্তর ও পরামর্শ প্রদান করা হবে বলে জানানো হয়।
