পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলাজুড়ে শুরু হয়েছে কুরবানীর ব্যাপক প্রস্তুতি। গ্রামীণ খামার থেকে শুরু করে শহরের হাটগুলো এখন পুরোপুরি প্রস্তুত। ইতিমধ্যে জেলার বিভিন্ন পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের ভিড়ে বাজার জমজমাট হয়ে উঠেছে।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় খামারিরা কুরবানীর পশুর চাহিদা মেটাতে বিপুল সংখ্যক গরু, মহিষ ও ছাগল প্রস্তুত করেছেন। খামারিরা দেশীয় পদ্ধতিতে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজা করায় বাজারে এসব পশুর চাহিদা সবচেয়ে বেশি। বড় আকারের পশুর পাশাপাশি মধ্যম ও ছোট সাইজের গরুর দিকেই ক্রেতাদের মূল আকর্ষণ লক্ষ্য করা যাচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর গরুর বাজার, সুহিলপুর গরুর বাজার, সরাইল গরুর বাজার, কুটি চৌমুহনী গরুর বাজার ও বাইশ মৌজা গরুর বাজারসহ জেলার বিভিন্ন উপজেলার প্রধান হাটগুলোতে পশুর আমদানি বেড়েছে। বাজারগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। জাল টাকা শনাক্তকরণ মেশিন এবং পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রতিটি হাটে কাজ করছে ভেটেরিনারি মেডিকেল টিম।
ক্রেতারা বলছেন, এবার পশুর দাম কিছুটা চড়া হলেও সাধ ও সাধ্যের মধ্যে পছন্দের পশুটি কিনতে তারা এক হাট থেকে অন্য হাটে ঘুরে বেড়াচ্ছেন। অন্যদিকে, খামারিরা আশা করছেন শেষ মুহূর্তের কেনাবেচায় তারা ভালো লাভ করতে পারবেন। সব মিলিয়ে কুরবানীর আমেজে এখন মুখরিত পুরো ব্রাহ্মণবাড়িয়া।
