ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কথিত শীর্ষ ছিনতাইকারী মো. রিগানকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৭ জুন) রাত ১১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সদর উপজেলার ৩ নম্বর সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর বাজারে জনতা ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় রিগানের হেফাজত থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়ায় অস্ত্রটি জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, রিগানের বিরুদ্ধে এর আগে ডাকাতির প্রস্তুতি, হত্যা, মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে ৯টি ডাকাতির প্রস্তুতি, ১টি হত্যা, ১টি মাদক এবং ২টি অন্যান্য ধারার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার রিগান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কান্দিপাড়া এলাকার মৃত ইয়াছিন মিয়ার ছেলে।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
