ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল হককে হত্যা মামলায় গ্রেফতার করেছে সিআইডি পুলিশ।
সিআইডি সূত্রে জানা যায়, গতকাল তিনি ইন্ডিয়া যাওয়ার উদ্দেশ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তার বিরুদ্ধে দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সিআইডির পুলিশ সুপার (এসপি) বেনজির পলাশ।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, আব্দুল হকের বিরুদ্ধে থানায় একাধিক নাশকতার মামলাও রয়েছে।
স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে তিনি আন্দোলন প্রতিহতের কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনের পর বুধল ইউনিয়নের আন্দোলনকারীদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
তবে এসব অভিযোগের বিষয়ে আব্দুল হক বা তার পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
