জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদ-এর জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত জানাজায় জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও অসংখ্য গুণগ্রাহী অংশ নেন।জানাজা শেষে মরহুমের প্রতি রাষ্ট্রীয় ও দলীয় পর্যায়ে শ্রদ্ধা জানানো হয়।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্পিকার ও ডেপুটি স্পিকার পৃথকভাবে শ্রদ্ধা জানান। বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষও শ্রদ্ধা জানাতে ভিড় করেন।এর আগে, বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সংসদ সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
