সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২০ জুন) রাতে আখাউড়া পৌর শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রিফাতুল ইসলাম তারেক এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক পলাশ মিয়া পৃথকভাবে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ‘Sabidul Islam Siam’ নামের একটি ফেসবুক আইডি থেকে জাইমা রহমানকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্যসংবলিত পোস্ট প্রকাশ করা হয়েছে। বিষয়টি তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সূত্রে জানতে পারেন। অভিযোগকারীদের দাবি, এসব পোস্ট শুধু ব্যক্তিগতভাবে নয়, বরং বিএনপির শীর্ষ নেতৃত্বের পরিবারের মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হয়েছে।
অভিযোগকারীদের একজন রিফাতুল ইসলাম তারেক তার অভিযোগে স্থানীয় শাওন মিয়া ও আলী আজম অপুকে সাক্ষী হিসেবে উল্লেখ করেছেন। অপরদিকে পলাশ মিয়ার অভিযোগে আশরাফুল ইসলাম, বাপ্পি আহম্মেদ ও রাবিকুল ইসলাম জাকারিয়াকে সাক্ষী করা হয়েছে।
এদিকে অভিযুক্ত ব্যক্তি দাবি করেছেন, তার নামে ছড়ানো স্ক্রিনশট ও পোস্ট সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং এডিট করা। তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে সামাজিকভাবে হেয় করার জন্য এসব অপপ্রচার চালানো হচ্ছে এবং ওই পোস্টের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় বিএনপি, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তদন্ত করে দায়ী ব্যক্তিকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, অভিযোগ দুটি গ্রহণ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোর সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট আইডির প্রকৃত ব্যবহারকারী শনাক্তে তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
