নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা শাখার নায়েবে আমির অধ্যাপক নকিবুল হুদার ছোট ভাইয়ের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। গতকাল গভীর রাতে সংঘটিত এ ঘটনায় ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও পরিবারের মূল্যবান স্মৃতিচিহ্নসহ প্রায় সবকিছুই আগুনে ভস্মীভূত হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারটি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পুরো ঘরটি রক্ষা করা সম্ভব হয়নি। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির মাওলানা মুহা. মোবারক হোসাইন।
এক বিবৃতিতে তিনি বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রশাসনকে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। যদি তদন্তে প্রমাণিত হয় যে এটি কোনো পরিকল্পিত নাশকতা বা শত্রুতামূলক কর্মকাণ্ডের ফল, তাহলে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্টদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন অধ্যাপক নকিবুল হুদা ও তাঁর পরিবারের সদস্যরা এই কঠিন পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারেন এবং আল্লাহ তাআলা তাদের এই ক্ষতির উত্তম প্রতিদান দান করেন।
