ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার মেড্ডা বাসস্ট্যান্ড মেইন রোড দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ব্যস্ত এই সড়কটি এখন যেন দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করলেও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রক্ষণাবেক্ষণের অভাবে রাস্তাজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। ফলে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, ভাঙা ও গর্তে ভরা রাস্তায় চাকা পড়ে প্রায়ই রিকশা, সিএনজি ও ইজিবাইক উল্টে যাচ্ছে। এতে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। একই সঙ্গে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন চলাচলেও মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে, যা জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
সচেতন নাগরিকরা প্রশ্ন তুলেছেন, একটি জেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথ মাসের পর মাস এভাবে অবহেলিত অবস্থায় পড়ে থাকতে পারে কীভাবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ না থাকায় জনমনে ক্ষোভ বাড়ছে।তারা আরও বলেন, জনগণের করের টাকায় পরিচালিত এই সড়কের নিরাপদ ব্যবহার নিশ্চিত করা সংশ্লিষ্টদের দায়িত্ব। কিন্তু দীর্ঘদিনেও স্থায়ী সংস্কারের উদ্যোগ না নেওয়ায় দুর্ভোগ বেড়েই চলেছে।
এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে স্থানীয়রা বলেন, সাময়িক জোড়াতালির পরিবর্তে এই সড়কের স্থায়ী ও টেকসই সংস্কার প্রয়োজন। অন্যথায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাবে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তাদের জোর দাবি, অবিলম্বে মেড্ডা বাসস্ট্যান্ড মেইন রোডের সংস্কার কাজ শুরু করে জনদুর্ভোগ লাঘব করা হোক।
