ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে যাত্রীবেশে ট্রেনে ছিনতাইয়ের অভিযোগে একটি চক্রের ১১ নারী সদস্যকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের উভয় প্ল্যাটফর্মে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক নারীরা হলেন— সেলিনা (৩৫), সাফিয়া (৩০), সুলেমা (৬২), আবুনি (৬৫), শাহানা (৩৫), লাকি (৩০), শাহানা (৪৫), সাথী আক্তার (২৩), আখি আক্তার (২৩), রাহেলা (৫০) ও সুজনা আক্তার (৩৫)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম মিয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে স্টেশনের দুই প্ল্যাটফর্মে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তঃনগর ও লোকাল ট্রেনে যাত্রী সেজে ছিনতাইয়ের সঙ্গে জড়িত।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে।
