নদী, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা এবং সদস্যসংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে বিশেষ সাধারণ সভা করেছে নদী ও প্রকৃতি সুরক্ষা বিষয়ক সামাজিক আন্দোলনের সংগঠন তরী বাংলাদেশ। সভায় সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ক্বারী চাইনিজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, অবৈধ দখল, দূষণ, অপরিকল্পিত উন্নয়ন ও প্লাস্টিক বর্জ্যের কারণে দেশের নদী-নালা, খাল-বিল এবং প্রাকৃতিক পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। এসব সংকট মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; প্রয়োজন সামাজিক আন্দোলন ও জনসম্পৃক্ততা।
সভার একপর্যায়ে সর্বসম্মতিক্রমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে মোবারক আলম ভূঁইয়াকে আহ্বায়ক, জুবাইদুর রহমান মেহেদীকে যুগ্ম আহ্বায়ক এবং নোমান আহমেদকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং নদী ও প্রকৃতি সংরক্ষণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।
তরী বাংলাদেশের সিনিয়র সদস্য নাফিস আহমেদ সেলিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক শামীম আহমেদ, সোহেল রানা ভূঁইয়া, খালেদা মুন্নী, সুশান্ত পাল, খাইরুজ্জামান ইমরান, নাজমুল খান, শিপন কর্মকার, মোস্তফা দেলোয়ারসহ স্থানীয় নেতৃবৃন্দ, সদস্য এবং পরিবেশ-সচেতন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুস সাকির ছোটন। সভায় বক্তারা নদী ও পরিবেশ রক্ষায় সংগঠনের কার্যক্রম ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
