মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সার্বিক নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা বাস্তবায়নে মাঠে নামছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। এ লক্ষ্যে জেলা, উপজেলা, থানা ও পৌর পর্যায়ে নেতাকর্মীদের সমন্বয়ে বিশেষ তদারকি টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সামছুজ্জামান চৌধুরী কানন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় বিএনপির গত ৮ জুলাই জারি করা নির্দেশনার আলোকে আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য রথযাত্রা এবং ২৪ জুলাই অনুষ্ঠিতব্য উল্টো রথযাত্রা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, ধর্মীয় উৎসবকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা বা সাম্প্রদায়িক উসকানি সৃষ্টি না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। স্থানীয় রথযাত্রা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নজরদারি এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হবে।
এছাড়া জেলা বিএনপির অধীনস্থ সব থানা, উপজেলা ও পৌর ইউনিটসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে পৃথক সমন্বয় টিম গঠন করে রথযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত দায়িত্বশীলভাবে মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা বিএনপির নেতারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষা করা জাতীয় দায়িত্ব। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীরা স্থানীয় প্রশাসন ও আয়োজকদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতা করবেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টিকে “অতীব গুরুত্বপূর্ণ” উল্লেখ করে সংশ্লিষ্ট সকল ইউনিটকে নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
