মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় আসন্ন ৩নং সুহিলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ অব্যাহত রেখেছেন চেয়ারম্যান পদপ্রার্থী জনাবা ইয়াসমিন বেগম (বিনা) চৌধুরী। বৃহস্পতিবার (০৬ আগস্ট) তিতাস নদীর পূর্বপাড়ের কাশিনগর, সিতানগর (৯নং ওয়ার্ডের একাংশ) এবং চান্দেরহাটি গ্রাম (৪নং ওয়ার্ডের একাংশ)-এ ব্যাপক গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে ইয়াসমিন বেগম (বিনা) চৌধুরী এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় বাসিন্দাদের সুখ-দুঃখ, সমস্যা, মতামত ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি একটি জনসেবামুখী, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষভাবে তিনি সংখ্যালঘু ও অবহেলিত হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি বলেন, নির্বাচিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে এবং উন্নয়নের সুফল সবার দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবেন।
ইয়াসমিন বেগম (বিনা) চৌধুরী বলেন, “মানুষের ভালোবাসা ও আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি চাই একটি বৈষম্যহীন, সেবামুখী ও আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে। এজন্য আমি সবার দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন কামনা করছি।”
গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুল সংখ্যক নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় এলাকাজুড়ে নির্বাচনী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
