নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই, ২০২৬:
প্রাকৃতিক সৌন্দর্যের আধার ও স্থানীয় অর্থনীতির প্রাণকেন্দ্র তিতাস নদী রক্ষায় এবং দেশি মাছের বংশবিস্তার নিশ্চিত করতে মাঠে নেমেছে “তিতাস নদী সুরক্ষা ও মৎস্যজীবী উন্নয়ন সমবায় সমিতি”। নদী থেকে নির্বিচারে মা মাছ ও দেশীয় পোনা নিধন রোধে সংগঠনটির পক্ষ থেকে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফলেট বিতরণ করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে তিতাস নদীতে ক্ষতিকর কারেন্ট জাল এবং অবৈধ রিং জালের ব্যবহার আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় নদীটির মৎস্য সম্পদ ধ্বংসের মুখে পড়েছে। এই বিপর্যয় রোধে সংগঠনের পক্ষ থেকে সাধারণ মৎস্য শিকারী, স্থানীয় বিক্রেতা এবং জেলেদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
পাশাপাশি নদী তীরবর্তী বিভিন্ন পয়েন্টে জেলেদের সাথে সরাসরি কথা বলে বিশেষ গণসংযোগ চালান সংগঠনের নেতৃবৃন্দ।
তিতাস নদীর জীববৈচিত্র্য রক্ষায় ইতোমধ্যে কঠোর অবস্থান নিয়েছে জেলা মৎস্য অধিদপ্তর। জেলা মৎস্য কর্মকর্তা জনাব মো. জাকির হোসেন এ বিষয়ে অত্যন্ত কড়া হুশিয়ারি উচ্চারণ করেছেন।
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো অবস্থাতেই রিং জাল বা কারেন্ট জাল দিয়ে নদীর মা মাছ এবং দেশীয় প্রজাতির পোনা নির্বিচারে নিধন করতে দেওয়া হবে না। যেখানেই রিং জাল ও কারেন্ট জালের অবৈধ ব্যবহার পাওয়া যাবে, সেখানেই তাৎক্ষণিকভাবে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসনের এই কঠোর বার্তা মাঠপর্যায়ে মৎস্যজীবী ও সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করছে স্থানীয় সমবায় সমিতিটি।
চলমান সচেতনতামূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে “তিতাস নদী সুরক্ষা ও মৎস্যজীবী উন্নয়ন সমবায় সমিতি”-এর আহ্বায়ক মো. অলিউল্লাহ খান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন,
”আমরা যেকোনো মূল্যে তিতাস নদীকে রক্ষা করব। তিতাস নদীর মাছ এবং দেশি মাছের বংশবৃদ্ধি যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে লক্ষ্যেই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষকে সচেতন করতে এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে আমাদের এই গণসংযোগ কার্যক্রম নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।”
সংগঠনটির যুগ্ম আহ্বায়ক জনাব দেলোয়ার হোসেন এ সময় জেলে ও স্থানীয়দের সচেতন করার ওপর জোর দিয়ে বলেন,
”আইন প্রয়োগের পাশাপাশি আমাদের নিজেদের বেঁচে থাকার স্বার্থেই তিতাস নদীকে রক্ষা করতে হবে। অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে আজ যারা সামান্য লাভের আশায় পোনা নিধন করছেন, তারা মূলত আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরই সর্বনাশ করছেন। তাই দলমত নির্বিশেষে সকলের উচিত এই ধ্বংসাত্মক কার্যক্রম প্রতিহত করা এবং নদী রক্ষায় এগিয়ে আসা।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, তিতাস নদী রক্ষায় সংগঠন এবং মৎস্য অধিদপ্তরের এই সময়োপযোগী উদ্যোগ নদীটির হারিয়ে যাওয়া মৎস্য বৈচিত্র্য ফিরিয়ে আনতে এবং নদীমাতৃক পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Trending
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
- প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
- ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
