নিউজ রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার একসময়ের শান্ত ও মনোরম তিতাস সড়ক দিন দিন তার সামাজিক ও পরিচ্ছন্ন পরিবেশ হারাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সময়-অসময়ে সেখানে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ও অসামাজিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সড়কটি এখন সাধারণ মানুষের জন্য অস্বস্তিকর স্থানে পরিণত হয়েছে।
প্রতিদিন অসংখ্য মানুষ পরিবার-পরিজন নিয়ে তিতাস সড়কে কিছুটা সময় কাটাতে যান। কিন্তু বর্তমানে সেখানে যে পরিবেশ সৃষ্টি হচ্ছে, তা বিশেষ করে নারী ও শিশুদের নিয়ে চলাচলের ক্ষেত্রে চরম বিব্রতকর হয়ে উঠেছে। দিন-রাত উভয় সময়েই একই পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। তারা অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা কামনা করেছেন।
এ অবস্থায় তিতাস সড়কের পরিবেশ স্বাভাবিক ও নিরাপদ রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
