বিজয়নগরে কর্মসংস্থান সৃষ্টি ও নারীদের স্বাবলম্বী করতে উদ্যোগ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বেকারত্ব দূরীকরণ, নারীদের স্বাবলম্বী করা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (৮ নভেম্বর) উপজেলার মারকাযুল কোরআন মাদরাসা প্রাঙ্গণে জামায়াতে ইসলামীর পাহাড়পুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা মো. মোবারক হোসাইন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জুনায়েদ হাসান, বিজয়নগর উপজেলা আমির মাওলানা আবু সাঈদ সরকার, কাজী মো. ইব্রাহিম এবং ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ইসহাক সরকার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের মানুষের সেবা করা অত্যন্ত সওয়াবের কাজ। বেকারত্ব ও ভিক্ষাবৃত্তি দূর করে মানুষকে স্বাবলম্বী করতে জামায়াতে ইসলামী কর্মসংস্থানমুখী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে।
বক্তারা আরও বলেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে প্রার্থী দেবে। বিনা চ্যালেঞ্জে সরকারকে ছেড়ে দেওয়া হবে না। এ সময় তাঁরা ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইসহাক সরকারকে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করে তাঁর পাশে থাকার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মো. মোবারক হোসাইন আকন্দ বলেন, জামায়াতে ইসলামীর কেউ নির্বাচিত হলে সরকারি বরাদ্দের একটি টাকাও আত্মসাৎ করবেন না—এ নিশ্চয়তা তাঁরা দিতে পারেন। কেউ এ ধরনের অনিয়মে জড়িত হলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে। তিনি সৎ ও যোগ্য নেতৃত্বের পক্ষে অবস্থান নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইসহাক সরকার বলেন, ইউনিয়নবাসী তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রত্যেক নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। কেউ তাঁর প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হবেন না। পাশাপাশি বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ইউনিয়নে একটি কারিগরি ইনস্টিটিউট চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
