ব্রাহ্মণবাড়িয়ার কুমারশীল মোড় এলাকায় অবস্থিত সেন্ট্রাল ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার করা এক ব্যক্তির চিকিৎসা কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়ভাবে পরিচিত ডা. আব্দুল মোমেন নামের ওই ব্যক্তির প্রেসক্রিপশন ঘিরে নানা অসঙ্গতির অভিযোগ সামনে এসেছে।
অভিযোগকারীরা জানান, সংশ্লিষ্ট প্রেসক্রিপশনে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) নিবন্ধন নম্বর উল্লেখ নেই, যা একজন স্বীকৃত চিকিৎসকের ক্ষেত্রে বাধ্যতামূলক।
এছাড়া প্রেসক্রিপশনে একাধিক বানান ও পরিভাষাগত ভুল লক্ষ্য করা গেছে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট (NICVD)-এর নাম ভুলভাবে “National Heart Disease Institute” হিসেবে লেখা হয়েছে। একইভাবে ‘হৃদরোগ’ এর ইংরেজি পরিভাষা ‘Cardiology’ বা ‘Cardiac disease’ এর পরিবর্তে ‘Heart Disease’ ব্যবহার করা হয়েছে, যা চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় সঠিক নয় বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।
এছাড়াও ‘Medicine’ শব্দটি ভুলভাবে ‘Medichine’ লেখা হয়েছে, যা পেশাদার চিকিৎসকের প্রেসক্রিপশনে অস্বাভাবিক বলে মনে করছেন অনেকে।
এতসব অসঙ্গতির কারণে সংশ্লিষ্ট ব্যক্তি প্রকৃতপক্ষে নিবন্ধিত চিকিৎসক কিনা, তা দ্রুত যাচাই-বাছাই করার জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, আলোচিত প্রেসক্রিপশনের ছবিটি সাংবাদিক ইব্রাহিম খান সাদাতের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট থেকে সংগৃহীত।
