মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেছেন, “সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমাজের ভালো ও মন্দ উভয় দিকই নিরপেক্ষভাবে জনগণের সামনে তুলে ধরতে হবে।”
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে সংগঠনের নেতৃবৃন্দ জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে ফুলেল শুভেচ্ছা জানান।
সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটুর নেতৃত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাংবাদিকতা, গণমাধ্যমের বিকাশ, জেলার সমসাময়িক পরিস্থিতি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম সিরাজ বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম জনগণের আস্থা অর্জন করতে পারে। একই সঙ্গে উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো সঠিকভাবে তুলে ধরার মধ্য দিয়ে জেলার অগ্রযাত্রায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে জেলার সার্বিক উন্নয়ন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্মিলিতভাবে কাজ করতে জেলা পরিষদ সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল আরেফিন, যুগ্ম সম্পাদক সোহেল আহাদ, নির্বাহী সদস্য আবু আবদুল্লাহ, সরাইল উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবেদুর আর শাহীন, কসবা উপজেলা সাংবাদিক ইউনিয়নের নেতা মোবারক হোসেন চৌধুরী নাছির এবং বিজয়নগর উপজেলা সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি আবদুল্লাহ আল হৃদয়।
সভা শেষে সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উভয় পক্ষ ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন, গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ আরও সুদৃঢ় করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
