ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৩ জুন) বিকেলে জেলা শহরে এ কর্মসূচি পালিত হয়।বিকেলে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
জেলা যুবদলের সভাপতি শামিম মোল্লা এবং সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।মিছিল শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা এবং জনসম্পৃক্ত রাজনীতি শক্তিশালী করতে যুবদল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।বক্তারা অভিযোগ করে বলেন, একটি ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তি দেশে বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
এসব অপতৎপরতা প্রতিহত করতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে যুবদল রাজপথে সক্রিয় রয়েছে বলেও তারা উল্লেখ করেন।এদিকে একই দিনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায়ও যুবদল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পৃথকভাবে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে বলে জানা গেছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি বৃদ্ধি পাওয়ায় জেলার রাজনৈতিক অঙ্গন আবারও সরব হয়ে উঠেছে।
