ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ”। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জেলা প্রশাসক বিভিন্ন দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রম পরিচালনাকালে আত্মোৎসর্গকারী ফায়ার সার্ভিস সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের পেশাদারিত্ব, সাহসিকতা, সেবামনোভাব ও সততার ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, দুর্যোগ, অগ্নিকাণ্ড কিংবা যেকোনো জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিস সদস্যরা মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এসময় তিনি সংশ্লিষ্ট সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি, উদ্ধার সরঞ্জাম ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার কার্যক্রম পরিদর্শন করেন এবং এসব সরঞ্জামের ব্যবহারিক দিক সম্পর্কে অবহিত হন।
