আজ, ২৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কিট প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮:০০ ঘটিকায় অনুষ্ঠিত কিট প্যারেডে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ জেলা পুলিশের সদস্যদের পোশাক-পরিচ্ছদ, সরকারি সরঞ্জাম ও অন্যান্য কিট সামগ্রী পরিদর্শন করেন। এ সময় তিনি শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে সকাল ৯:০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাঁদের পেশাগত ও কল্যাণ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। পুলিশ সুপার মহোদয় বিষয়গুলো গুরুত্বসহকারে শুনে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং জেলা পুলিশের প্রতিটি সদস্যের কল্যাণ নিশ্চিতকরণে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এরপর সকাল ১১:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন থানার অপরাধচিত্র, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, নিয়মিত অভিযান পরিচালনা, পলাতক আসামি গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জনগণকে দ্রুত, কার্যকর ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।
অনুষ্ঠানসমূহে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ এবং বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া, সভায় জুন/২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসারদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। তাঁদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।
