ব্রাহ্মণবাড়িয়া: সরকারি ছুটির দিন হওয়ায় কি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি রোগীরা নিয়মিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন—এমন প্রশ্ন তুলেছেন রোগী ও স্বজনরা।
হামের বর্তমান পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি শিশু রোগীদের নিয়মিত পর্যবেক্ষণ ও চিকিৎসকদের রাউন্ড অত্যন্ত জরুরি হলেও, ছুটির দিনে এ বিষয়ে উদ্বেগ দেখা দিয়েছে। রোগীর স্বজনদের অভিযোগ, গতকাল চিকিৎসকদের রাউন্ডের পর ভর্তি হওয়া অনেক রোগী আজও চিকিৎসকের অপেক্ষায় রয়েছেন।
বুধবার হাসপাতালে গিয়ে হামে আক্রান্ত শিশুদের কান্না ও অসুস্থতার দৃশ্য দেখে কষ্ট ও উদ্বেগ প্রকাশ করেন স্থানীয়রা। তারা বলেন, ছোট ছোট শিশুদের সুস্থতার জন্য নিয়মিত চিকিৎসা, পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
স্থানীয়রা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই সরকারি ছুটির দিনসহ সব সময় প্রয়োজনীয় চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন।
তাদের প্রত্যাশা, একজন রোগীর জীবন যেন চিকিৎসাসেবার কোনো ঘাটতি বা অবহেলার কারণে ঝুঁকির মুখে না পড়ে। রোগীদের নিরাপদ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমনটাই দাবি তাদের।
