ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়াকেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, ছাত্ররা যদি সামনে থেকে নেতৃত্ব না দিত, তাহলে এই জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হতো না এবং ফ্যাসিস্ট সরকারের পতনও সম্ভব হতো না।
তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে অটুট রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘বিপ্লবী যোদ্ধাদের ছাত্রদলে অভিষেক ও মিলন মেলা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “এই অভ্যুত্থান জয়লাভ করা আমাদের জন্য বড় অর্জন। ২০২৪ সালের জুলাই মাসে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীরা যে সাহসিকতার সঙ্গে রাজপথে লড়াই করেছে, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের সেই আন্দোলনের ঢেউ সারাদেশে ছড়িয়ে পড়েছিল।”আন্দোলনের পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “যে চেতনা নিয়ে আমরা লড়াই করেছিলাম, তা আজ ধীরে ধীরে ম্লান হতে শুরু করেছে। প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে ফ্যাসিস্টদের পুরোনো বাস্তবতার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। এসব বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।”অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় আন্দোলনে শহীদদের স্মরণে এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
নবাগতদের উদ্দেশ্যে শ্যামল বলেন, আগামী দিনে ছাত্রদলকে একটি সময়োপযোগী, শক্তিশালী ও নতুন আঙ্গিকের আধুনিক ছাত্র সংগঠন হিসেবে গড়ে তোলা হবে।জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান, সাবেক সহ-সভাপতি মোকাররম হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাইমিনুল আজবীন, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থী আশীষ ভৌমিক ও তন্নী আক্তার, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের মহিন উদ্দিন নিঝুম এবং ছাত্র সংগঠক সৈয়দ মোহাম্মদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
