ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় সন্দেহভাজন একটি মাইক্রোবাস আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়িটি থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ সায়েদ আহমেদ জুমন ও রিপক চন্দ্র ঘোষ নামে দুইজনকে গ্রেফতার করে। তারা হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার আশরাফপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা ও ব্যবহৃত মাইক্রোবাস বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
