ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী স্থগিত করা হয়েছে। প্রদর্শনী বন্ধের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রদর্শনী স্থগিতের ঘটনায় কোনো সহিংসতা, ভাঙচুর বা আইনশৃঙ্খলার অবনতি ঘটেনি। তবে কিছু পোস্টে ‘মব সৃষ্টি’ ও উত্তপ্ত পরিস্থিতির দাবি তুলে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি’র উদ্যোগে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার উন্মুক্ত প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে মতামত দেখা যায়।
এ সময় কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতা নাসরুল্লাহ মুয়াজ ধর্মীয় ও সামাজিক পরিবেশ অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়ে পোস্ট করেন। তার ফেসবুক পোস্টে ‘নাসিফ মাহমুদ’ নামে একটি আইডি থেকে পবিত্র কাবা শরীফকে নিয়ে ব্যঙ্গাত্মক উপস্থাপন করা হয়। একই পোস্টের মন্তব্যে ‘ফখরে বাঙ্গাল রহ.’-এর নামের সঙ্গে আপত্তিকর শব্দচয়ন করেন Istiauqur Ahmed Emon নামের এক ব্যবহারকারী।
এদিকে নাসরুল্লাহ মুয়াজের পোস্টটি শেয়ার করে ‘দুর্জয় মাহমুদ’ নামে একটি আইডি থেকে সিনেমা প্রদর্শনীর বিরুদ্ধে অবস্থানকারীদের ‘ধর্মীয় ফ্যাসিবাদ’ বলে আখ্যায়িত করা হয়।
এসব মন্তব্য ও প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলেম-ওলামা ও মাদ্রাসা ছাত্রদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরবর্তীতে জামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় আলেম-ওলামা ও কওমি ছাত্র ঐক্য পরিষদের বৈঠক হয়। সেখানে মাদ্রাসার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা করা হলেও পরদিন তা প্রত্যাহার করা হয়।
এদিকে ধর্মীয় মূল্যবোধ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সিনেমাটির বিশেষ প্রদর্শনী স্থগিত করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক জানান, আয়োজকরা আগে থেকে প্রশাসনকে অবহিত করেননি এবং পরিস্থিতি বিবেচনায় প্রদর্শনী স্থগিত রাখা হয়েছে।
অন্যদিকে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মাঠে সিনেমা প্রদর্শনের কোনো অনুমতি দেওয়া হয়নি।
