নিজস্ব প্রতিবেদক:ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মধ্যপাড়া এলাকায় এক প্রবাসীর বাসায় গভীর রাতে জানালার গ্রিল কেটে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২০ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মধ্যপাড়া ৫ নম্বর ওয়ার্ডের ইকবাল মিয়ার বাড়ির চতুর্থ তলায় ভাড়াটিয়া প্রবাসী নাজির মিয়ার বাসায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী পরিবার জানায়, সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা গভীর রাতে জানালার গ্রিল কেটে প্রথমে একজন ঘরের ভেতরে প্রবেশ করে। পরে সে ভেতর থেকে মূল দরজা খুলে দিলে বাইরে অবস্থানরত আরও চারজন সদস্য ঘরে ঢুকে পড়ে।
এ সময় তারা ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে।ডাকাতরা ঘর থেকে প্রায় আড়াই ভরি স্বর্ণ, ৮ ভরি রুপা, নগদ ৫ লাখ ২৫ হাজার টাকা, একটি আইফোন ১১ প্রো ম্যাক্স এবং একটি ওপ্পো স্মার্টফোনসহ সর্বমোট প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পাশাপাশি পরিবারের কয়েকটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি)ও নিয়ে যায় তারা। তবে প্রবাসী নাজির মিয়ার স্ত্রীর অনুরোধে চারটি পাসপোর্ট রেখে যায় বলে জানা গেছে।
প্রবাসী নাজির মিয়ার স্ত্রী অভিযোগ করে বলেন, কিছুদিন আগে তাদের বাসায় ডিস লাইনের কাজ করতে আসা মাহফুজ নামে এক যুবকের নেতৃত্বে এ ঘটনা সংঘটিত হয়েছে বলে তাদের সন্দেহ। ডাকাতদের গতিবিধি ও পরিকল্পনা দেখে ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে ধারণা করছেন তারা।এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
