ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের অনার্সের শিক্ষার্থী নাফিজা আক্তার খালেদা (২২) নিহত হয়েছেন।
শনিবার দুপুরে কলেজ ও কোচিং শেষে দক্ষিণ পৈরতলার নিজ বাড়িতে ফেরার পথে একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশের একটি দেয়ালে সজোরে আঘাত পান এবং গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাফিজার আকস্মিক মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে তার শিক্ষক, সহপাঠী ও স্বজনরা হাসপাতালে ছুটে যান। প্রিয় সহপাঠীকে হারিয়ে তারা শোকাহত হয়ে পড়েন।
পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নাফিজার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
