ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থক এবং বিভিন্ন সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত।
শনিবার (১৩ জুন) ভোররাতে সদর উপজেলা ও শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. জুবায়ের (৩০), ইব্রাহিম নিলয় (২৬), নয়ন মনি দেব (৬৮), মো. রনি মিয়া (২৪) এবং জুম্মান মিয়া (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, শহরের মেড্ডা কুকিল টেক্সটাইল এলাকা ও সদর উপজেলার রাধিকার বিরামপুর এলাকায় ছাত্রলীগের মিছিলের অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলা, ২০২১ সালের মোদিবিরোধী সহিংসতা ও নাশকতার মামলা এবং জুলাই ২০২৪-এ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে গ্রেপ্তারকৃতদের পরিবারের সদস্যরা দাবি করেছেন, আটক ব্যক্তিদের কেউ আওয়ামী লীগ বা এর অঙ্গসংগঠনের কোনো পদে নেই এবং তারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন মামলার ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতেই নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
